মাহমুদুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কোতোয়ালী থানা পুলিশের ওপর হামলা সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে চার কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম ওয়াসকুরুনী খান চৌধুরী এ আদেশ দেন।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারি কমিশনার মীরাশউদ্দিন প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে করা কোতয়ালী থানার এই মামলায় গ্রেপ্তার মাহমুদুর রহমানকে গত ৫ এপ্রিল সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আগামী চার কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী অনুযায়ী, ২০১৩ সালে কোতায়ালী থানাধীন বাবুবাজার এলাকায় জামায়াত ইসলামীর ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী গণজাগরণ মঞ্চের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। পরে আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলিবর্ষণ করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছিল, দৈনিক আমার দেশ পত্রিকায় উসকানিমূলক সংবাদ প্রকাশের কারণেই এ ঘটনা ঘটেছে।