ট্রাইব্যুনালের পদত্যাগী বিচারক নিজামুল হকের সঙ্গে প্রবাসী এক আইন গবেষকের স্কাইপে কথিত কথোপকথন প্রকাশকে আমার দেশ পত্রিকার ‘অসাধারণ কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তাঁর দাবি, এ জন্য আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। অথচ তাঁকে জেলে ঢোকানোর পাঁয়তারা চলছে।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কয়েকজন সাধারণ নাগরিকের’ মুক্ত আলোচনায় কাদের সিদ্দিকী এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘তাঁকে (মাহমুদুর রহমান) আগে একবার ১০ মাসের জন্য জেলে পাঠানো হয়েছিল। এবারও হয়তো হবে, কিন্তু ১০ মাস পরে যখন গণেশ উল্টে যাবে, তখন কী হবে?’কাদের সিদ্দিকী পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ‘তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) পুলিশ ও র্যা বের মন্ত্রী, যুবলীগ বা ছাত্রলীগের নয়। তিনি তাদের জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে বলাতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’পদ্মা সেতু দুর্নীতির ঘটনায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে ‘নির্দোষ’ আখ্যায়িত করে কাদের সিদ্দিকী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে কোনো সমস্যাই হতো না, যদি বিশ্বব্যাংকের নির্দেশনামতো কাজ করা হতো। এখানে কাশিমবাজার কুঠির মতো একটি ষড়যন্ত্র হয়েছে।’