আদালত অবমাননার অভিযোগে প্রকাশনা বাতিল হওয়া দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কাল বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন এ বিষয়ে মাহমুদুর রহমানসহ পাঁচজনের করা আবেদনের ওপর শুনানি হবে।গত ২ জুন আদালত অবমাননার অভিযোগে করা মামলায় আপিল বিভাগ ৫ জুলাই মাহমুদুর রহমানসহ পাঁচজনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। তবে ওই দিন ভোররাতে মাহমুদুর রহমান গ্রেপ্তার হন। আদালতের নির্দেশনা অনুসারে গতকাল মাহমুদুর রহমান ছাড়া পত্রিকাটির প্রকাশক হাশমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক মুস্তাহিদ ফারুকী ও সংশ্লিষ্ট প্রতিবেদক অলিউল্লাহ নোমান হাজির হন। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত এ আদেশ দেন।