মাহমুদুর রহমানসহ দুজনকে হাইকোর্টে তলব
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সংসদ প্রতিবেদকের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১২ জুলাই তাঁদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।গতকাল আমার দেশ পত্রিকায় ‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘সূত্র জানিয়েছে, গত সপ্তাহে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে একাধিক ক্ষুব্ধ সংসদ সদস্য ও সংশ্লিষ্ট বিচারপতির মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়েছে। এ ছাড়া এই সময়ে স্পিকারের সঙ্গেও তাঁদের একধরনের সমঝোতা হয়েছে, যার ফলে স্পিকার এ বিষয়ে আর রুলিং দিচ্ছেন না এমনটাই শোনা যাচ্ছে।’ এটি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।আদেশের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, প্রতিবেদনটি মিথ্যা আখ্যায়িত করে আদালত বিষয়টি তদন্ত করে সংশোধনী প্রকাশের নির্দেশ দিয়েছেন।