মাহমুদুর রহমানসহ পাঁচজন আদালতে হাজির, আজ শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়েছেন। এ দিন শুনানিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে নতুন করে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার এসব বিষয়ে শুনানি হবে। গতকাল প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয়জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির এ তারিখ নির্ধারণ করা হয়।সকাল সোয়া নয়টায় মাহমুদুর রহমানকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আপিল বিভাগে হাজির করা হয়। আদালত অবমাননার অভিযোগে পত্রিকাটির সাংবাদিকসহ অপর চারজনও আদালতে হাজির হন। তাঁরা হলেন—পত্রিকার প্রকাশক হাসমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী ও বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমান।সকাল ১০টার দিকে শুনানিতে অংশ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামের প্রতিবেদনটি পড়ে শোনান। তিনি বলেন, গত ২ মে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করা হয়। মামলাটি বিচারাধীন থাকা অবস্থাতেই ১০ মে মাহমুদুর রহমান ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে আরেকটি নিবন্ধ লেখেন। একটি আবেদন তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ওই নিবন্ধটি পাঠ করেন। তিনি বলেন, ওই নিবন্ধটি আদালত অবমাননার শামিল। আদালত বলেন, যখন সম্পাদক নিজের নামে লিখছেন তখন তাঁর অধীনদের ওপর কীভাবে এর দায় বর্তায়? শেষ পর্যায়ে আদালত বলেন, আবেদনে কী প্রার্থনা করা হয়েছে, সে বিষয়টি উল্লেখ করা হয়নি। আবেদনটি সংশোধন করে দেওয়ার কথা জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। এরপর আদালত আজ শুনানির ক্ষণ নির্ধারণ করেন। পরে বেলা ১১টার দিকে এজলাস কক্ষ থেকে বের হলে মাহমুদুর রহমানকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার অভিযোগে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে নতুন করে আরেকটি আবেদন করা হবে। এটি প্রক্রিয়াধীন। আজ সকালে আবেদনটি দাখিল করা হবে। এসব বিষয়ে আজ শুনানি হবে। মাহমুদুর রহমানসহ পাঁচজনকে আজ হাজির হতে হবে। জানা যায়, গত ২১ এপ্রিল আমার দেশ পত্রিকায় ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালত অবমাননার শামিল দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মে মাসের প্রথম সপ্তাহে মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ২ জুন আপিল বিভাগ তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন এবং রুল জারি করেন। তবে ওই দিন ভোররাতে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। এরই ধারাবাহিকতায় গতকাল মাহমুদুর রহমানকে আপিল বিভাগে হাজির করা হয়।