মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী শুনানি সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিকআমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন পরবর্তী শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এ দিন ধার্য করেন।গতকাল সকালে মাহমুদুর রহমানকে এ মামলায় আপিল বিভাগে হাজির করে কারা কর্তৃপক্ষ। অপর চারজন পত্রিকাটির প্রকাশক হাসমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী ও বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমানও আদালতে হাজির হন। বেলা একটায় শুনানিতে অংশ নিয়ে তাঁদের আইনজীবী রফিক-উল হক বলেন, মাহমুদুর রহমান রুলের জবাব (কনটেস্ট) দিয়েছেন এবং তিনি নিজেই বক্তব্য উপস্থাপন করবেন। অপর চারজন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।একপর্যায়ে আদালতের নির্দেশে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আমার দেশ-এ প্রকাশিত ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে শোনান। পরে আদালত সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মামলা (কনটেস্ট) চালাবেন। অপর চারজন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এসব আবেদনের ওপর সোমবার শুনানি হবে। ওইদিন পাঁচজনকে আদালতে হাজির হতে হবে।জানা যায়, গত ২১ এপ্রিল আমার দেশ-এ ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মে মাসের প্রথমে ওই পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ২ জুন আপিল বিভাগ ওই পাঁচজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ও রুল জারি করেন। তবে ওইদিন ভোররাতে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। আদালতের নির্দেশ অনুসারে ৮ জুলাই তাঁকে আপিল বিভাগে হাজির করা হয়। ওইদিন অপর চারজনও হাজির হন। সেদিন আদালত ১২ আগস্ট শুনানির দিন ধার্য করেন।গতকাল দ্বিতীয়বারের মতো মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়। আপিল বিভাগে প্রধান বিচারপতির কক্ষে প্রবেশের পর তিনি পেছনের সারির বেঞ্চে বসেন। আইনজীবী রফিক-উল হক তাঁকে সামনের সারিতে নিয়ে বসান। এ সময় তিনি উপস্থিত আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর পাশে বসেছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রাজ্জাক, এম বদরুদ্দোজা প্রমুখ।