আদালত অবমাননার অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ২১ ব্যক্তিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ জুলাই তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি এই আদেশ দেন।গত রোববার ‘ব্রিটেনে বিচারপতি মানিকের একাধিক বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ফোরাম’ শিরোনামে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। এটা আদালতের নজরে এলে রুল জারি করা হয়। আদালত অবমাননা করার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।এর আগে আদালত জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, এ কে এম শফিউদ্দিন ও আইনজীবী রুহুল কুদ্দুসের বক্তব্য শোনেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।তলব করা অন্যরা হলেন: ওই প্রতিবেদনের লেখক, জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব পোদ্দার, যুগ্ম সম্পাদক আলিমুল হক, সাংগঠনিক সম্পাদক হামিদুল হক আফিন্দী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি তারিক বিন আজিজ, মহিউদ্দিন, আবু মোর্শেদ ইউসুফ, উসমান, নাসরিন আক্তার, নাসের খান, মঈন উদ্দিন, মাহবুবুল হক, আবুল বাশার, হারুন, ইফতেখার এবং সলিসিটার আবু তাহের ও রফিক আহমদ। ‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শিরোনামে রোববার আমার দেশ পত্রিকায় আরেকটি প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নজরে এলে ওই দিন আদালত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সংসদ প্রতিবেদকের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। পাশাপাশি তাঁদের ১২ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন।