মাহমুদুর রহমানের গ্রেপ্তারে সংবাদপত্র বিপন্ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারে সংবাদপত্রশিল্প বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতাদের একাংশ। তাঁরা মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এবং ‘দৈনিক আমার দেশ পরিষদ’ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘এর ফলে সংবাদপত্রশিল্প বন্ধ হওয়ার উপক্রম হবে। আজ যাঁরা ঝড়ের সময় উটপাখির মতো বালিতে মুখ লুকিয়ে আছেন, একদিন তাঁদের সংবাদপত্রও আক্রান্ত হবে।’মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ সংলাপ প্রকাশ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুর রহমানকে গত বৃহস্পতিবার সকালে নিজের কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সমাবেশে সম্প্রতি গঠিত ‘নাগরিক অধিকার রক্ষা কমিটি’র আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, ‘এই সরকারের অধীনে আমরা কেউ নিরাপদ থাকব না। আমরা যেকোনো মুহূর্তে গুম হয়ে যাব।’হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের মহাসমাবেশের কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘সেদিনের সমাবেশ প্রমাণ করেছে, যাদের সরকার তরুণ প্রজন্ম বলে মনে করে, এরা ছাড়া আরও অনেক তরুণ আছে।...এই সরকারের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তাকে মুসলমানের সঙ্গে অমুসলমানের লড়াইয়ে পরিণত করার অপচেষ্টা চলছে।’ বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সরকার কত লোককে কারাগারে ঢোকাবে? ১৬ কোটি মানুষ এখন জেলে ঢোকার জন্য প্রস্তুত।’মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শুধু পয়লা বৈশাখ বাদে প্রতিদিন সকালে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয় এ সমাবেশ থেকে।