মাহমুদুর রহমানের জামিন আপিলেও বহাল
তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
পরে মাহমুদুর রহমানের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭০টির মতো মামলা ছিল। এর মধ্যে কিছু মামলা নিষ্পত্তি হয়ে গেছে। আমার জানামতে, বাকি মামলাগুলোর সব কটিতে তিনি জামিন পেয়েছেন। তাঁর মুক্তি পেতে আর কোনো আইনগত বাধা থাকার কথা নয়, যদি না সরকার আবার নতুন করে কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়।’
সামাজিক যোগাযোগের মাধ্যম স্কাইপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারকের কথিত কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা করা হয়। ২০১৩ সালের ১১ এপ্রিল এই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। এই মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।