মাহমুদুর রহমানের জামিন আবেদন ফেরত
একটি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর জামিন আবেদন অন্য বেঞ্চে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে ফেরত দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। আদালত বলেছেন, আবেদনকারীদের অন্য বেঞ্চে যাওয়ার স্বাধীনতা থাকবে।গতকাল মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে এ ঘটনা ঘটে। আজ বুধবার হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে ওই জামিন আবেদন উত্থাপন করা হতে পারে বলে সূত্র জানায়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে প্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথনের অংশবিশেষ প্রকাশ করেছিল আমার দেশ। পরে বিচারপতি নিজামুল হক গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ ডিসেম্বর তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সাহিদুর রহমান।এ মামলায় মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্টরা ২ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন। গতকাল মাহমুদুর রহমান আদালতে হাজির হন। মধ্যাহ্ন বিরতির পর আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনের পক্ষে এ সময় আইনজীবী মওদুদ আহমদ, সালেহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।