দুটি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা আদেশ দেননি। জানা যায়, হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে উত্তরা মডেল থানায় দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯ এপ্রিল মামলাটি করা হয়। উত্তরা ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় গত ৭ জুন আরেকটি মামলা হয়। এ দুটি মামলায় গত ১২ জুলাই হাইকোর্ট পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন। এ আদেশ স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গতকাল শুনানির পর আদালত কোনো আদেশ দেননি।আদালতে মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবী রফিক-উল হক এবং সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন।