মাহমুদুর রহমানের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণচেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৭ সেপ্টেম্বর ওই মামলায় মাহমুদুর রহমানকে জামিন দেন। তাতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করেছিল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
পরে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সেদিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসবে।