সম্পদের হিসাব দাখিল না করার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে মাহমুদুর রহমান তাঁর সম্পদের বিবরণী দাখিল না করায় এই মামলা করেছিল দুদক।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে গতকাল এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে মাহমুদুর রহমানকে কারাগার থেকে এই অস্থায়ী এজলাসে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে আদালত সংক্ষিপ্ত রায় পড়ে শোনান।
রায়ের পর মাহমুদুর রহমানকে কারাগারে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, তাঁকে বেআইনিভাবে শাস্তি দেওয়া হয়েছে। এই ‘ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের’ বিরুদ্ধে প্রতিবাদ চলবে।
মাহমুদুর রহমানের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘এ মামলায় মাহমুদুর রহমানকে যে সাজা দেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে।’
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, দুদক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত মাহমুদুর রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন। আসামিপক্ষ রায়ে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতে পারেন।
এর আগে ২০১০ সালে আদালত অবমাননার একটি মামলায় মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৯ এপ্রিল সম্পদের বিবরণী চেয়ে মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশে বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানের নিজ নামে, তাঁর স্ত্রীর নামে ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে-বেনামে থাকা অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও ওই সম্পদ অর্জনের বিবরণী দাখিল করতে বলা হয়। সেই বিবরণী নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় ওই বছরের ১৩ জুন দুদকের উপপরিচালক নূর আহম্মেদ গুলশান থানায় এ মামলা করেন। দুদক তদন্ত করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই বছরের ১৫ জুলাই অভিযোগপত্র দেয়। গত বছরের ২৮ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
রায়ের পর আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমাদ প্রতিক্রিয়ায় বলেন, ‘আইনগতভাবে মামলাটি করা হয়নি। এ রায়ে আমরা “আমার দেশ” পরিবার সংক্ষুব্ধ।’
২০০৮ সালে আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব নেন মাহমুদুর রহমান। ওই সময় থেকে তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারপতির কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ, রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় উসকানির অভিযোগে ২০১৩ সালের এপ্রিলে আমার দেশ-এর কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।