আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল মঙ্গলবার বিকেলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল। স্মারকলিপি নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্মারকলিপি দেওয়ার আগে ইমরান বলেন, ‘আমাদের আন্দোলন শুরু করার পর থেকেই আমার দেশ আমাদের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে আসছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য তাঁদের পত্রিকায় প্রচার করে প্রজন্ম চত্বর ও গণজাগরণ মঞ্চ সম্পর্কে জাতির কাছে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তাঁরা করেছেন। এ ছাড়া মাহমুদুর রহমান তাঁর পত্রিকায় বিভ্রান্তিকর কলাম লিখে গণজাগরণ মঞ্চের ব্যাপারে আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উসকে দেওয়ার চেষ্টা করছেন।’ স্মারকলিপিতে গত শুক্রবার সারা দেশে চালানো অরাজকতার তীব্র নিন্দা জানানো হয়।স্মারকলিপি গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাহমুদুর রহমান প্রজন্ম চত্বরের আন্দোলনকে ভিন্ন অর্থ দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোন আইনে কীভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে অচিরেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু মৎস্য ভবনের সামনে শাহবাগের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি দল মন্ত্রণালয়ের দিকে যায়। পরে তারাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শাহ আলম জানান, আন্দোলনকারীদের স্বাগত জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আমিনুর রহমান, এপিএস শাহ আলমসহ কয়েকজন কর্মকর্তা গাড়ি নিয়ে মৎস্য ভবনে গিয়েছিলেন।