মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরেকটি অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাশমত আলীর বিরুদ্ধে আরও একটি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয়জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ আগস্ট আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে গত ১০ মে আমার দেশ-এ মাহমুদুর রহমান একটি নিবন্ধ লেখেন। এটি তুলে ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গতকাল আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন। ইতিপূর্বে এই দুই আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের ওপর একই আদালতে শুনানি অব্যাহত রয়েছে। আজ বুধবার শুনানি হবে।এই মামলায় গতকাল মাহমুদুর রহমানসহ পাঁচজন আপিল বিভাগে হাজির হন। আবেদনকারীদের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে অংশ নিয়ে বলেন, প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বিচার বিভাগের নামে কুৎসা রটানো হয়েছে। এটি আদালত অবমাননার শামিল। শুনানির পর আদালত রুল জারি করেন।