মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনায় করা মামলা খারিজ
খুলনার কয়রা উপজেলায় করা মানহানি মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল বুধবার আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক জাহিদুল ইসলাম তা মঞ্জুর করেন। পরে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত সে আবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ মার্চ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ-পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। এ ঘটনায় আমার দেশ, নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে আওয়ামী লীগের স্থানীয় নেতার ভাই নাছের আলী মোড়ল মাহমুদুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এদিকে পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগপত্রে নাসের আলী ও তাঁর ভাইদের অভিযুক্ত করে। এরপর আদালেত মানহানি মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
২০১৫ সালের মার্চে মামলার চার আসামি আমার দেশ-এর ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওন, নয়া দিগন্ত-এর ব্যুরোপ্রধান এরশাদ আলী এবং দুই সংবাদদাতা আবদুল খালেক ও শহীদুল্লাহ শাহীন জামিন নেন। আদালতে হাজির না হওয়ায় আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও প্রকাশক শামছুল হুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।