মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। পর পর সাতটি ধার্য তারিখে তৌফিক-ই-ইলাহী আদালতে উপস্থিত না হওয়ায় আদালত গতকাল মঙ্গলবার মামলাটি খারিজ করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন।
২০১০ সালের ১৯ জানুয়ারি তৌফিক-ই-ইলাহী মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় মাহমুদুর রহমান, পত্রিকাটির প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, দেশের জ্বালানি ও বিদ্যুত্ খাতে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে, গ্যাসের উত্পাদন বাড়িয়ে সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র করে বাদী তৌফিক-ই-ইলাহী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছেন। আসামিরা ১৭ ডিসেম্বর (২০০৯) ‘তৌফিক-ই-ইলাহী ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে মানহানিকর সংবাদ প্রকাশ করেন। বাদী এর প্রতিবাদ পাঠালে আসামিরা তাঁদের প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করে প্রকাশিত সংবাদটিকে সত্য বলে মন্তব্য করেন।
মাহমুদুর রহমান অন্য একটি মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।