আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, নৈতিক সাহসের জোরেই মাহমুদুর রহমান মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই করে যাচ্ছেন।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
কবি ফরহাদ মজহার বলেন, মাহমুদুর রহমান বাংলাদেশে প্রতিরোধের নতুন এক ধারা তৈরি করেছেন। তাঁর হাতে কোনো অস্ত্র নেই, ক্ষমতা নেই, আছে নৈতিক সাহস। সততা ও নৈতিক সাহসের জোরেই তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই করে যাচ্ছেন। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই তিনি জেল খাটছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, গণতন্ত্রহীন সমাজে আইনের শাসন ও বাক্স্বাধীনতা থাকে না। তার প্রমাণ কারাবন্দী মাহমুদুর রহমান।