মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে চট্টগ্রামে অনশন
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে চট্টগ্রামে অনশন করেছে সাংবাদিকদের একাংশ। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এ কর্মসূচির আয়োজন করে। নগরের নুর আহমদ সড়কে সিএমইউজে কার্যালয়ের নিচতলায় গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার বেআইনিভাবে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে এবং পত্রিকাটির ছাপাখানা বন্ধ করে রেখেছে। এর মাধ্যমে সরকারের নগ্ন ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।সিএমইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, আমার দেশ-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান জাহিদুল করিম, বিএফইউজের সহকারী মহাসচিব মুস্তফা নঈম, চট্টগ্রাম প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক শহীদুল ইসলাম, দিনকাল-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান মাহবুব রশিদ প্রমুখ। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ন ম মুনির আহমদ চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম ও আবু সুফিয়ান, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) সভাপতি কে এম সুফিয়ান, ড্যাবের চট্টগ্রাম শাখার সভাপতি খুরশিদ জামিল চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, আইনজীবী বদরুল আনোয়ার ও আবদুস সাত্তার, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজাহার প্রমুখ।পরে বেলা দুইটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও প্রবীণ আইনজীবী কবির চৌধুরী শরবত পান করিয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান।