একই অভিযোগে একাধিক মানহানির মামলা দায়ের করার বৈধতা চ্যালেঞ্জ করে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা রিটটি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, গত ১৭ ডিসেম্বর ‘তৌফিক-ই-এলাহী ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামেআমার দেশ প্রত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর বিরুদ্ধে মাগুরা জেলা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা করা হয়। এ নিয়ে মানহানির অভিযোগে কুমিল্লায় তিনটিসহ পাবনা, গাইবান্ধা, খুলনা, নওগাঁ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, চট্টগ্রাম, নড়াইল, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর, রংপুর, টাঙ্গাইল ও ঢাকায় পৃথক ২৫টি মামলা হয়। একই ঘটনায় গত ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই দিন মহানগর হাকিম রোকসানা আকতার অভিযোগ আমলে নিয়ে আসামিদের ৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।একই ঘটনায় একাধিক মামলা দায়ের করার বৈধতা চ্যালেঞ্জ করে ২৪ জানুয়ারি মাহমুদুর রহমান হাইকোর্টে রিট করেন।