আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক রাখা এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের খবরে উদ্বেগ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে বলেন, মাহমুদুর রহমান তিন বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় আটক থাকার পর আপিল বিভাগসহ বিভিন্ন আদালত থেকে প্রায় ৭০টি মামলার সব কটিতে জামিন পান। সর্বোচ্চ আদালত থেকে সর্বশেষ মামলায় জামিন মঞ্জুরের পর তাঁকে আরেকটি মামলায় জড়িয়ে গ্রেপ্তার দেখানোটা আদালত অবমাননার শামিল।
খালেদা জিয়া অবিলম্বে মাহমুদুর রহমান ও শওকত মাহমুদসহ আটক সব সাংবাদিককে অবিলম্বে মুক্তি এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান। তিনি বলেন, ‘আমি সাংবাদিক নির্যাতন, মত দলন ও ভিন্নমত স্তব্ধ করার অপচেষ্টার অশুভ পরিণাম সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিচ্ছি।’
সমাবেশ: গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তি দাবি করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, রিয়াজুল ইসলাম, কাদের গণি চৌধুরী প্রমুখ।