সদ্য বন্ধ হওয়া সংবাদপত্র আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ডকে বেআইনি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের চাপের কারণে বিচারিক ম্যাজিস্ট্রেট তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন। মারপিট করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন। মাহমুদুর রহমানকে যে বিচারিক আদালতে নেওয়া হয়, তাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, আদালতে ম্যাজিস্ট্রেটের পাশে বসে ছিলেন মুখ্য ম্যাজিস্ট্রেট। কিন্তু এটা হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নয়। এমন উদাহরণ নিম্ন আদালতে নেই।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর একটি বাহিনীর লোকজন তাঁকে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে দিগম্বর করার চেষ্টা করা হয়। সভ্য সমাজে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। তাঁকে সেলের ভেতর ঠিকমতো খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি।২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচন সামনে রেখে ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরায় মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গোপন বৈঠকের ঘটনায় তাঁর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা জানান খোন্দকার দেলোয়ার। তিনি বলেন, ‘কোন কালে কোন অফিসারদের নিয়ে তিনি বৈঠক করেছিলেন। এখন এই ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিলে সেটা অন্যায় হবে।’ তিনি অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পুনরায় চালুর দাবিও জানান।গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন, তা সংসদে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) কীভাবে ভাবলেন, ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা সংসদে যাব। জেনেশুনেই আমাদের নেত্রী এসব প্রস্তাব দিয়েছেন। সরকার এগুলো বিবেচনায় নিয়ে বাজেটে অন্তর্ভুক্ত করবে বলে আমরা আশা করি। কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। তারা যে আচরণ করেছে, তারপর সংসদে যাওয়া কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়।’ খোন্দকার দেলোয়ার আজ বুধবার বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।