মাহমুদুরকে দুদুকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
সম্প্রতি প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারি করা হয়েছে। মহানগর হাকিম কণিকা বিশ্বাস গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। মাহমুদুর রহমান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।আদালত গত ১৪ জুন দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ১৫ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।মাহমুদুর রহমানের আইনজীবী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, উত্তরা ষড়যন্ত্রসহ ঢাকার সাতটি মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন। কিন্তু দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোয় মাহমুদুর রহমান মুক্তি পাচ্ছেন না। গত ১৩ জুন রোববার রাজধানীর গুলশান থানায় দুদকের উপপরিচালক নূর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ এপ্রিল দুদক মাহমুদুর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু মাহমুদুর রহমান দুদকের নোটিশ পাওয়ার পরও তাঁর সম্পদের হিসাব বিবরণী জমা দেননি। সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য সময় বাড়ানোর কোনো আবেদনও করেননি তিনি। এ কারণে দুদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করে।