মাহমুদুরসহ পাঁচজনের বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলার শুনানি মুলতবি
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি মুলতবি করা হয়েছে। শারীরিক অবস্থার কথা জানিয়ে মাহমুদুর রহমানের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন। আজ বৃহস্পতিবার আবার শুনানি হবে।মাহমুদুর রহমান আদালতের অনুমতি নিয়ে গতকাল সকাল ১০টার দিকে নিজেই আদালতে বক্তব্য উপস্থাপন করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে আদালত তাঁকে বসার অনুমতি দেন। আইনজীবী সমিতির চিকিৎসক এনে তাঁর প্রেসার পরীক্ষা করা হয়। বিরতির পর বেলা ১২টার দিকে তিনি শুনানি মুলতবির আবেদন জানান।শুনানিকালে আদালত মাহমুদুর রহমানের উদ্দেশে বলেন, জনগণের আস্থাই বিচার বিভাগের শক্তি। বিচারকদের ক্ষমতা জনগণের আস্থার ওপর নির্ভর করে। পৃথিবীর সব দেশেই বিচার বিভাগের শক্তি হচ্ছে জনগণের আস্থা।প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে আমার দেশ-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ নিয়ে মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগে মামলা করেন। অপর চারজন হলেন পত্রিকাটির প্রকাশক হাশমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী ও বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমান। আপিল বিভাগ ২ জুন আদালত অবমাননার রুল জারি করেন। একই সঙ্গে এ পাঁচজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ২ জুন মাহমুদুর রহমান গ্রেপ্তার হন।গতকাল মাহমুদুর রহমান শুনানিতে বলেন, ‘প্রতিবেদক যখন প্রতিবেদন লেখেন, তখন এর সপক্ষে তথ্য-প্রমাণ রয়েছে কি না, তা যাচাই করাই সম্পাদকের কাজ। সঠিক তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করেছি।’ জনশ্রুতি রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়নি। সবই ছিল হার্ড ফ্যাক্ট। এ সময় আদালত মন্তব্য করেন, সত্য-মিথ্যা বিবেচ্য নয়, প্রতিবেদনে আদালত অবমাননার বিষয় রয়েছে কি না, সেটিই বিচার্য বিষয়। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সত্য ঘটনা তুলে ধরা হয়েছে কি না, সেটা দেখাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে বিচার্য হলো, এ ঘটনার মাধ্যমে জনমনে আদালত কিংবা বিচারক সম্পর্কে কোনো বিরূপ ধারণার সৃষ্টির চেষ্টা বা সুযোগ ছিল কি না।আদালত মাহমুদুর রহমানের কাছে জানতে চান, আপনার সাংবাদিকতায় কোনো ডিগ্রি আছে? জবাবে তিনি না বলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিরতির পর বেলা ১২টার দিকে বিচারপতিরা এজলাসে এলে শুনানি মুলতবির আবেদন জানানো হয়। এর আগে সকালে বিচারপতিদের আসন গ্রহণের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও অপর চারজনের পক্ষে আইনজীবী রফিক-উল হক শুনানিতে অংশ নেন। চারজনের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।