মাহমুদুরের বিরুদ্ধে তৌফিক-ই-ইলাহীর মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন। মামলার বিচারকাজে পর পর সাতটি ধার্য তারিখে বাদী হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেন আদালত। ২০১০ সালের ১৯ জানুয়ারি তৌফিক-ই-ইলাহী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় মাহমুদুর  রহমানসহ পত্রিকাটির প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, দেশের জ্বালানি ও বিদ্যুত্ খাতে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে, গ্যাসের উত্পাদন বাড়িয়ে সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র করে বাদী তৌফিক-ই-ইলাহী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছেন। আসামিরা ১৭ ডিসেম্বর (২০০৯) ‘তৌফিক-ই-ইলাহী ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে মানহানিকর সংবাদ প্রকাশ করেন। বাদী এর প্রতিবাদ পাঠালে আসামিরা তাঁদের প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করে প্রকাশিত সংবাদটিকে সত্য বলে মন্তব্য করেন।

মামলা করার পর তৌফিক-ই-ইলাহী সাংবাদিকদের বলেছিলেন, মিথ্যা, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশের কারণে তিনি দেশে-বিদেশে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন।

মাহমুদুর রহমান এখন অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।