মাহমুদুরের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণে বাধা নেই

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে জ্বালানিবিষয়ক সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমানের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এতে ১৮ সেপ্টেম্বর নিম্ন আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।
২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় ওই বছরের ১৩ জুন দুদক গুলশান থানায় মামলা করে। এই মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ২৫ মে মাহমুদুর রিভিশন আবেদন করেন। এই আবেদনের শুনানি শেষে আদালত আজ তা খারিজ করে দেন।
আদালতে তাঁর পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান ছিলেন।