মাহমুদুরের মুক্তি চেয়ে সম্পাদকদের বিবৃতিতে বিস্মিত ১৫ বিশিষ্ট ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে ১৫ জন সম্পাদকের দেওয়া বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক। এ ছাড়া কয়েকটি সংগঠনের নেতারাও পৃথক বিবৃতিতে বলেছেন, তাঁরা সম্পাদকদের বিবৃতিতে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। গত রোববার ১৫টি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকেরা এক যৌথ বিবৃতিতে মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার চালু করার ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। ১৫ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতে বলেছেন, তাঁরা প্রত্যেকেই গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু স্বাধীনতার নামে উদ্দেশ্যপূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিতে উসকানি, নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর হামলায় ইন্ধন প্রদানে মাহমুদুর রহমান ও তাঁর পত্রিকা আমার দেশ-এর ন্যক্কারজনক ভূমিকা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ জন্য মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গণদাবির অসংখ্য সংবাদ আলোচ্য সম্পাদকদের পত্রিকায়ও প্রকাশিত হয়েছে। বিবৃতিদাতারা বলেন, সম্পাদকের আলখাল্লা পরে যুদ্ধাপরাধীদের রক্ষা ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত মাহমুদুরকে গ্রেপ্তার করে সরকার সাংবিধানিক দায়িত্ব ও জন-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়েছে। তাঁরা আশা প্রকাশ করে বলেন, কেবল পেশাগত ঐক্য নয়, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি ও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের দৃঢ় অবস্থান থাকবে। বিবৃতিদাতারা হলেন কাইয়ুম চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, হাশেম খান, নির্মলেন্দু গুণ, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, সেলিনা হোসেন, গোলাম কুদ্দুস, মুহাম্মদ সামাদ, কামরুল হাসান খান ও শ্যামলী নাসরিন চৌধুরী। অন্য এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা সম্পাদকদের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন।