মাহমুদুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গতকাল জানাজা শেষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পাশে সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীরা l ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গতকাল জানাজা শেষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পাশে সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীরা l ছবি: প্রথম আলো

আইনজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের প্রথম জানাজা গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি রংপুরে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে শ্রদ্ধা জানাতে গতকাল আপিল ও হাইকোর্ট বিভাগে আধাবেলা বিচারকাজ বন্ধ ছিল। গতকাল দুপুরে ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে মাহমুদুল ইসলামের মরদেহ সুপ্রিম কোর্টে আনা হয়। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজায় বিচারক, আইনজীবী ও রাজনীতিকসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি এম রুহুল আমিন, এম তাফাজ্জল ইসলাম ও মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ। এ ছাড়া জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মওদুদ আহমদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা জানাজায় উপস্থিত ছিলেন। জানাজার শুরুতে মাহমুদুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে বক্তব্য দেন তাঁর বড় ছেলে আসিফ ইসলাম। জানাজা শেষে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকার রংপুর আইনজীবী সমিতি। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টে দ্বিতীয়ার্ধের বিচারকাজ বন্ধ রাখা হয়। আপিল বিভাগে সকাল নয়টা থেকে ১১টা এবং হাইকোর্ট বিভাগে সাড়ে ১০টা থেকে বেলা একটার পর বিচারকাজ চলেনি।
গত সোমবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তাঁর লেখা গবেষণাগ্রন্থগুলোর মধ্যে কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ, ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস বিশেষভাবে উল্লেখযোগ্য।