মাহমুদুল ইসলামের নামে চেয়ার চালুর প্রস্তাব
প্রয়াত সংবিধান বিশেষজ্ঞ সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চেয়ার’ চালু করার প্রস্তাব উঠেছে তাঁর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে।
বিশিষ্ট এই আইনজ্ঞের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত ‘মাহমুদুল ইসলাম স্মারক বক্তৃতা-২০১৭’ অনুষ্ঠানে এই প্রস্তাব করেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুল মতিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে চেষ্টা করা হবে বলে জানালেন ‘মাহমুদুল ইসলাম স্মারক বক্তৃতামালা আয়োজন কমিটির’ সভাপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বক্তৃতায় বিচারপতি আব্দুল মতিন আইনজ্ঞ মাহমুদুল ইসলামের শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, মাহমুদুল ইসলাম আইনকে সামনে রেখে যে ব্যাখ্যা দেওয়ার তা-ই দিতেন। বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যা ইচ্ছা তা-ই যদি করে নির্বাহী বিভাগ, তাহলে আইনের শাসন থাকে না।
কামাল হোসেন বলেন, মাহমুদুল ইসলাম সাংবিধানিক শাসনকে বাঁচিয়ে রাখতে বিরাট অবদান রেখে গেছেন। তাঁকে প্রেরণার উৎস ধরে সংবিধানের যে শক্তি তা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মাহমুদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে প্রতিবছর এ ধরনের স্মারক বক্তৃতার আয়োজন করা হবে। অনুষ্ঠানে কয়েকজন বর্তমান ও সাবেক বিচারপতি এবং বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।