
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মিছিল এবং সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে দুই দফায় এই হামলা চালানো হয়। এসব হামলায় ঠিক কতজন আহত হয়েছেন—সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি কেউ। হামলার পর এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে গুলিবিদ্ধ সাত ব্যক্তির নাম জানা গেছে। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল চারটায় প্রধান সড়কের সিকদার দোকানের সামনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর লাঙ্গল প্রতীকের সমর্থনে বের হওয়া মিছিলে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গুলিও ছোড়ে। এরপর বিকেল পাঁচটায় চাম্বল বাজারে তাঁর নির্বাচনী সমাবেশেও হামলা হয়। মাহমুদুল ইসলাম চৌধুরী মঞ্চে বক্তব্য দিতে ওঠার কিছু সময় পর সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় জাতীয় পার্টির প্রার্থীর ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। দুটি ঘটনায় মাহমুদুল ইসলামের বেশ কয়েকজন সমর্থক গুলিবিদ্ধ হন। এ ছাড়া তাঁর কয়েকজন সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। আহত অনেকে ভয়ে সদর হাসপাতালে আসতে সাহস করেননি। তবে গুলিবিদ্ধ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরা হলেন কফিল উদ্দিন (৪০), মো. হাসান (২৬), মো. মামুন (২৩), সিরাজ মিয়া (৬০), আব্দুর রশীদ (৩২) মো. আমিন (২৫) ও মো. ছাবের (৪০)। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রমিজ উদ্দিন (৩২। তাঁর অবস্থা গুরুতর।
রাতে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, বাঁশখালীতে হামলার ঘটনায় ১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
চাম্বল বাজারে সমাবেশে আহত এক ব্যক্তি বলেন, বাজারের পশ্চিম পাশে জাতীয় পার্টির সমাবেশের আয়োজন করা হয়। মাহমুদুল ইসলাম চৌধুরীর বক্তব্য শুরুর ২০ মিনিট পর পূর্বদিক থেকে গুলি ছুড়তে ছুড়তে সমাবেশের দিকে এগিয়ে আসতে থাকে সন্ত্রাসীরা। সমাবেশে আসা লোকজন ভয়ে এদিক–সেদিক ছুটতে থাকে। এর মধ্যেও ভয়ে পালাতে থাকা লোকজনের ওপরও হামলা চালানো হয়।
>এর আগে প্রধান সড়কে বের করা লাঙ্গলের মিছিলেও হামলা করে একদল দুর্বৃত্ত।
জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলামের গাড়িবহরে থাকা কয়েকজন জানান, মাহমুদুল ইসলামের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়েছে। হামলায় তিনি নিজেও আহত হয়েছেন। এ সময় তিনি শেখেরখীল ইউনিয়নে একটি বাড়িতে আশ্রয় নেন। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। মাহমুদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সেটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেশমী বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, গুলিবিদ্ধ দুজন এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে বাঁশখালী যাচ্ছি।’
ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
এদিকে পৌরসভা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার অলিমিয়ার দোকানে মুখোশধারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ইউসুফ পৌরসভা নোয়াপাড়ার নূর হোসেনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল হক বলেন, আহত যুবকের উভয় ঊরুতে ১০-১২টি ছররা গুলি রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।