মাহমুদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
সাংবিধানিক ও দেওয়ানি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, খ্যাতিমান আইনজীবী হিসেবে বিচারপ্রার্থী মানুষ ও দেশবাসীর কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
গত সোমবার মধ্যরাতে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
গতকাল সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম আর নেই। প্রধান বিচারপতি বলেন, ‘উই আর শকড’ (আমরা মর্মাহত)। পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে শোকবার্তা দেন প্রধান বিচারপতি।
মাহমুদুল ইসলাম ১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আজিজুল ইসলামও ছিলেন আইনজীবী। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর মাহমুদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে ডিগ্রি নেন। এরপর তিনি প্রথমে রংপুর জেলা আইনজীবী সমিতিতে এবং পরে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
মাহমুদুল ইসলামের মৃত্যুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শোক প্রকাশ করেন।
বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আমীর-উল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদও গভীর শোক প্রকাশ করেছে।
সংবিধান-সংক্রান্তসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলায় মাহমুদুল ইসলাম অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) ছিলেন। তাঁর লেখা কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ বইটি সাংবিধানিক আইনের আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। পেশায় প্রকৌশলী তাঁর দুই ছেলে কানাডায় থাকেন।
মাহমুদুল ইসলামের সহযোগী আইনজীবী প্রবীর নিয়োগী বলেন, মাহমুদুল ইসলামের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার সকালে তাঁর দুই ছেলে দেশে ফিরলে বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। সেখান থেকে তাঁর মরদেহ রংপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।