মাহমুদুল হত্যায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
সোয়েটার কারখানার কর্মকর্তা মাহমুদুল হাসান চৌধুরী (৪৮) হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল বিকেলে উত্তরায় নিহত মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন হয়।গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা একাডেমির সামনে রিকশাযাত্রী মাহমুদুলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের স্বজনেরা বলছেন, ছিনতাইকারীরা তাঁকে হত্যা করেন। মাহমুদুল গাজীপুরের মাওনা এলাকার কালার অ্যান্ড ফ্যাশন নামের একটি সোয়েটার ও ডায়িং কারখানার ক্রয় কর্মকর্তা ছিলেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁকে হত্যা করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহতের ভাই আবুল কালাম চৌধুরী গত বৃহস্পতিবার রাতেই অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন।কালার অ্যান্ড ফ্যাশনের পরিচালক ও নিহতের ভাই চৌধুরী কুদরত-ই-এলাহী বলেন, ছয় ভাই ও এক বোনের মধ্যে মাহমুদুল তৃতীয়। তিনি কারখানাতেই থাকতেন। আর কারখানার কাজে বিভিন্ন জায়গায় যেতেন। গত বৃহস্পতিবার নয়াবাজারে মালামাল কিনতে গিয়ে খুন হন। গতকাল শুক্রবার বিকেলে উত্তরার ৪ নম্বর সেক্টরের করবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।