মাহমুদুল হাসানের শপথ স্থগিত
টাঙ্গাইল-৫ আসনের সাংসদ হিসেবে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের শপথ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ স্থগিতাদেশ দেন। ৩১ মে পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। আজ বুধবার সাংসদ হিসেবে বিএনপির নেতা মাহমুদুল হাসানের শপথ নেওয়ার কথা ছিল। তবে ওই আসনে সর্বোচ্চ ভোট পাওয়া জাতীয় পার্টির আবুল কাশেম রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছিলেন। আদালতে মাহমুদুল হাসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। আবুল কাশেমের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও শাহ মঞ্জুরুল হক। পরে শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আবুল কাশেম ৭ মে রিভিউ আবেদন করেন। গতকাল শপথ স্থগিতের আরজি জানানো হয়। আদালত ৩১ মে পর্যন্ত মাহমুদুল হাসানের শপথ গ্রহণ স্থগিত করেন। ওই দিন নিয়মিত বেঞ্চে রিভিউ আবেদন শুনানির দিন ধার্য করা হয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে জাতীয় পার্টির আবুল কাশেম জয়ী হন। তবে তিনি তখন ঋণ খেলাপি ছিলেন—এ যুক্তি দেখিয়ে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান। চূড়ান্ত শুনানির পর ২০০৯ সালের শেষে হাইকোর্ট মাহমুদুলকে বিজয়ী ঘোষণার নির্দেশ দেন। এর বিরুদ্ধে কাশেম আপিল বিভাগে আবেদন করলে গত ১৪ ফেব্রুয়ারি তা খারিজ হয়।