মাহাথির মোহাম্মদের মতো গণতন্ত্র চলবে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া ৯২ দিনে এই দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। পরাজিত হয়েছেন। আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। তিনি পরাজিত হয়েছেন, ভবিষ্যতেও পরাজিত হবেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া ঘরে ফিরলেও ফিরতে পারেনি সেই শিশু যে মায়ের কোলে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ফিরতে পারেনি বাসের চালক-হেলপার। আজও বার্ন ইউনিটে তাদের কান্নার আওয়াজ শোনা যায়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, বাংলাদেশেও শেখ হাসিনা সে পথে এগিয়ে যাচ্ছেন। এই গণতন্ত্র আমরা মেনে চলব।’ তিনি আরও বলেন, ‘যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে। যে গণতন্ত্র পেট্রলবোমা মারে। যে গণতন্ত্র বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয় সে গণতন্ত্র আমরা বিশ্বাস করি না।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ২০১৯ সালে জনগণের রায় নেওয়া। মানুষ আওয়ামী লীগকে মনোযোগ দিয়ে দেখছে। এমন কোনো কাজ আওয়ামী লীগ করবে না, যেটা জনগণের মনে আওয়ামী লীগের বিষয়ে খারাপ ধারণা সৃষ্টি করে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকার মেয়র সাঈদ খোকন, আনিসুল হক প্রমুখ বক্তব্য দেন।