মাহাবুবুরের লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলি​শি হেফাজতে নিহত ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজনের লাশ নিয়ে গতকাল সোমবার মিরপুরে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, চাঁদা না পেয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খান মাহাবুবুরকে পিটিয়ে হত্যা করেছেন।

গত শনিবার গভীর রাতে রাজধানীর শংকরের ভাড়া বাসা থেকে মাহাবুবুর, তাঁর স্ত্রী মমতাজ সুলতানা ও পাঁচ বছরের ছেলে মোশাররফকে ধরে নিয়ে যায় মিরপুর থানার এসআই জাহিদের নেতৃত্বে একটি দল। পরদিন রোববার সকালে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মমতাজ ও তাঁর শিশুপুত্রকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ জানায়, শ্বাসকষ্ট শুরু হওয়ার পরে হাসপাতালে নেওয়া হলে মাহাবুবুর মারা যান। এসআই জাহিদ রাতভর পিটিয়ে মাহাবুবুরকে হত্যা করেছেন বলে স্বজনদের অভিযোগ।

এদিকে হত্যায় অভিযুক্ত এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ বিষয়ে মিরপুর বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুলিশের তদন্তে আস্থা রাখছেন না স্বজনেরা। স্বজনেরা জানান, এর আগেও এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রত্যাহৃত হয়েছিলেন এসআই জাহিদ। ওই ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি।

ময়নাতদন্ত শেষে গতকাল বেলা পৌনে দুইটার দিকে লাশ বুঝে নেন স্বজনেরা। বিক্ষোভ শেষে গতকাল বিকেলে মিরপুর ১ নম্বরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাহাবুবুরের লাশ দাফন করা হয়। তার আগে লাশ নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে উপস্থিত হন শতাধিক লোক। তাঁরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন, এসআই জাহিদের শাস্তি দাবি করেন ও ন্যায়বিচার চান। বিকেল পৌনে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিলটি লাশসহ মিরপুর থানার সামনে আসে। তবে পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতে দেয়নি। এরপর তাঁরা মিরপুরের কয়েকটি সড়ক ঘুরে সোয়া পাঁচটার দিকে মাহাবুবুরের মিরপুর-১-এর ই-ব্লকের বাসায় লাশ নেন। সেখান থেকে কবরস্থানে লাশ নেওয়া হয়। বিক্ষোভে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মাহাবুবুর মিরপুর এলাকাতেই জন্ম নিয়েছেন ও বড় হয়েছেন।

নিহত মাহাবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা প্রথম আলোকে বলেন, তাঁকে ও তাঁর পাঁচ বছরের ছেলে মোশাররফকে মিরপুর থানায় একটি কক্ষে আটকে রেখে পাশের কক্ষে মাহাবুবুরকে মারধর করা হয়। পুলিশের মারের চোটে ​চিৎকার করে কাঁদছিলেন মাহাবুবুর। মমতাজের নাম ধরে তিনি বলছিলেন, ‘আমারে বাঁচাও, আমারে মেরে ফেলবে।’ ​চিৎকার শুনে পুলিশের মন গলেনি। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়েছে।