মাহিদুর-আফসারের মামলার রায় যেকোনো দিন
চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ আজ বুধবার মাহিদুর-আফসারের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করলে ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ রাখেন। গত বছরের ১১ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে বিচার শুরু হয়েছিল।
মাহিদুর ও আফসারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ অনুসারে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর (৮৪) ও আফসার ওরফে ছুটু (৬৫) মুক্তিযুদ্ধের আগে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরে তিনি স্থানীয় রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে যোগ দিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের অপরাধ করেন।
এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ৬ অক্টোবর ভোর পাঁচটার দিকে শতাধিক রাজাকার ও পাকিস্তানি সেনাসদস্যদের একটি দলের সঙ্গে মাহিদুর ও আফসার চাঁপাইনবাবগঞ্জের চাঁদশিকারি, ছামাতল, কবিরাজতলা ও ইরাদত বিশ্বাসেরতলা গ্রাম থেকে ৩৯ জনকে আটক করেন। এর মধ্যে ২৪ জনকে গুলি করে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ অনুসারে, ১৩ অক্টোবর কবিরাজতলা ও ইরাদত বিশ্বাসেরতলা গ্রামের অসংখ্য মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে। প্রায় দেড়-দুই ঘণ্টা ধরে এ ভাঙচুর চলে।
তৃতীয় অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২ নভেম্বর মাহিদুর-আফসারসহ ৩০-৩৫ জন রাজাকারের একটি দল শিবগঞ্জের শেরপুর ভান্ডার গ্রামের চারজনকে ধরে নিয়ে যায়। সারা রাত নির্যাতনের পর তাঁদের হত্যা করা হয়।