মাহিদুর ও আফসারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন ২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সন্দেহভাজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এই দুজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে তাঁদের আবার চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

গতকাল মাহিদুর ও আফসারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান তাঁদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানিতে তিনি বলেন, আট মাস ধরে এই দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা না হলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।

এই আবেদনের বিরোধিতা করে মাহিদুর ও আফসারের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, মাহিদুরের বয়স ৮৪ বছর এবং আফসারের ৭৫ বছর। তাঁরা কীভাবে তদন্তে বাধা দেবেন? এ ছাড়া তাঁদের গ্রেপ্তার করা হয়েছে স্বাধীনতা দিবসে শিবগঞ্জ শহীদ মিনারে বোমা হামলার মামলায়। ওই মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছিল, পরে এই দুজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পরে ট্রাইব্যুনাল মাহিদুর ও আফসারকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ২ নভেম্বর এই দুজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

১৫ সেপ্টেম্বর গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মাহিদুর ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আফসারকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শিবগঞ্জ শহীদ মিনারে বোমা হামলা মামলার আসামি হিসেবে আদালতে হাজির করা হলে তাঁদের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। ১৮ সেপ্টেম্বর এই দুজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর ও ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনাল-২-এ আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন শুনানি শেষে তাঁদের গতকাল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।