মাহিদুর ও আফসারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার এ মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানান। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার বিষয়ে শুনানি করেন তাঁদের আইনজীবী মিজানুল ইসলাম। পরে আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত ১৬ নভেম্বর মাহিদুর ও আফসারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে তিনটি অভিযাগ আনা হয়। ২৪ নভেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি ৩ ডিসেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য রাষ্ট্রপক্ষকে ৩ ডিসেম্বর দিন ধার্য করে দিয়েছেন। গত রোববার আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে।