মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠন করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মাহিদুর ও আফসারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। আগামী ১২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর রহমান (৮৪) ও আফসার হোসেন (৬৫) ওরফে ছুটু মুক্তিযুদ্ধের আগে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁরা স্থানীয় রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে যোগ দিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের অপরাধ করেন। তাঁদের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ৬ অক্টোবর ভোর পাঁচটার দিকে শতাধিক রাজাকার ও পাকিস্তানি সেনাদের একটি দলের সঙ্গে মাহিদুর ও আফসার চাঁপাইনবাবগঞ্জের চাঁদশিকারি, ছামাতল, কবিরাজতলা ও ইরাদত বিশ্বাসেরতলা গ্রাম থেকে ৩৯ জনকে আটক করে। এর মধ্যে ২৪ জনকে গুলি করে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১৩ অক্টোবর কবিরাজতলা ও ইরাদত বিশ্বাসেরতলা গ্রামের অসংখ্য মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে মাহিদুর, আফসারসহ রাজাকাররা। প্রায় দেড়-দুই ঘণ্টা ধরে এ ভাঙচুর চলে। তৃতীয় অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২ নভেম্বর মাহিদুর, আফসারসহ ৩০-৩৫ জন রাজাকারের একটি দল শিবগঞ্জের শেরপুর ভান্ডার গ্রামের চারজনকে ধরে নিয়ে যায়। সারা রাত নির্যাতনের পরদিন তাঁদের হত্যা করা হয়।
অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনানোর পর আসামির কাঠগড়ায় হাজির থাকা মাহিদুর ও আফসারের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তাঁরা দোষী না নির্দোষ? জবাবে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
আতাউর ও ওবায়দুলের অভিযোগ আমলে: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আতাউর রহমান ওরফে ননী এবং ওবায়দুল হক ওরফে তাহেরের বিরুদ্ধে গতকাল অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৭ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।