মাহিন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে যুবকের কবজি বিচ্ছিন্ন
দুই বোনের জন্য নতুন জামা কিনে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন মো. ইমরান (২০)। কিন্তু সড়ক দুর্ঘটনা তাঁকে বাড়িতে ফিরতে দেয়নি। নিজ জেলায় এসে অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রর ধাক্কায় ইমরানের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজার সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষণিকভাবে পিছু নিয়ে মাহিন্দ্রাটি আটক করেছে। ঘটনাস্থল থেকে ইমরানের বিচ্ছিন্ন হওয়া কবজি উদ্ধার করা হয়েছে। তবে ওই মাহিন্দ্রর চালক এখনো পলাতক।
আহত ইমরান বাউফল উপজেলার সূর্যমূখী ইউনিয়নের মো. বাশার হাওলাদারের ছেলে। তাঁরা দুজনই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। আহত ইমরানের চাচা আবদুর রব হাওলাদার জানান, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন ইমরান। চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। করোনার কারণে নৌপথ বন্ধ থাকায় সড়কপথে ভেঙে ভেঙে আসছিলেন ইমরান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুমকির লেবুখালী ফেরিঘাট থেকে বাউফলে যাওয়ার জন্য চরগরবদিগামী ইমরান একটি অটোরিকশায় ওঠেন।
অটোরিকশাটি রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারসংলগ্ন সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে অটোরিকশার সামনের যাত্রী ইমরানের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন আহত ইমরানকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে বরিশালের একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইমরানকে নিয়ে তাঁর স্বজনেরা ঢাকার উদ্দেশে রওনা দেন।