মাহিন্দ্রা কোম্পানির অটোরিকশা বন্ধের দাবিতে ধর্মঘট
ভারতীয় মাহিন্দ্রা কোম্পানির অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বেবিট্যাক্সির চালকেরা গতকাল বুধবার খুলনা মহানগরে ধর্মঘট পালন করেছেন। ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ ধর্মঘট চলে।দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হালিম বন্দ জানান, বর্তমানে খুলনা মহানগরে প্রায় এক হাজার ২০০ বেবিট্যাক্সি চলাচল করছে। সম্প্রতি ভারতের মাহিন্দ্রা কোম্পানির বেশ কয়েকটি অটোরিকশা এখানে নামানো হয়। গতকাল নগরে ওই কোম্পানির একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ভারতীয় এসব অটোরিকশা ১০ আসনবিশিষ্ট। আর খুলনায় আগে থেকে চলা বেবিট্যাক্সিগুলো চার আসনের। তাই মাহিন্দ্রা কোম্পানির অটোরিকশা রাস্তায় নামলে বেবিট্যাক্সিগুলো লোকসানের মুখে পড়বে। তা ছাড়া ভারতীয় অটোরিকশাগুলো ডিজেলে চলে। এতে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের স্বার্থে ভারতীয় অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে গতকাল ভোর ছয়টা থেকে আট ঘণ্টা ধর্মঘট পালন করা হয়।ধর্মঘট চলাকালে সকাল ১০টায় নগরের দৌলতপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহরাব হোসেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. হালিম বন্দ, মাহাবুুব হাওলাদার, ফারুক-উল ইসলাম, আজিম বিশ্বাস প্রমুখ।এদিকে, র্যাংগস মোটরস লিমিটেডের পরিবেশক ও আরএল মোটরসের মালিক এস এম সামিউল আলম জানান, প্রশাসনের অনুমতি নিয়েই মাহিন্দ্রা কোম্পানির গাড়ি রাস্তায় নামানো হচ্ছে। এই গাড়িগুলো সাধারণ মানুষের জন্য ব্যয়সাশ্রয়ী হবে। তা ছাড়া নছিমন-করিমনের চেয়ে এগুলো নিরাপদ।