মাহি বি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মেয়র পদপ্রার্থী মাহি বি চৌধুরীর পক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সারোয়ার মোর্শেদ। সারোয়ার নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন ব্লু ব্যান্ড কলের সদস্য বলে দাবি করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমের কাছ থেকে সারোয়ার মোর্শেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সংগঠনের সঙ্গে বিকল্পধারা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। তবে মনোনয়নপত্র দলের সঙ্গে আলোচনা করেই জমা দেওয়া হবে কি না, তার সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
মাহি বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। তিনি ফেসবুকভিত্তিক ব্লু ব্যান্ড কলের টিম লিডার। ব্লু ব্যান্ড কলের পেজে গত ১০ মার্চের একটি পোস্টে মাহি বি চৌধুরীকে ঢাকা সিটি মেয়র হিসেবে দেখতে চান কি না, তার জন্য হ্যাঁ ও না ভোটের ব্যবস্থা রাখা হয়।