মাহে রমজানের প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসের প্রথম দিন গতকাল রাজধানীর চকবাজারে ঐতিহ্যবাহী নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। বাদ যায়নি দেশি বিভিন্ন ফলমূলও l ছবি: প্রথম আলো
পবিত্র রমজান মাসের প্রথম দিন গতকাল রাজধানীর চকবাজারে ঐতিহ্যবাহী নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। বাদ যায়নি দেশি বিভিন্ন ফলমূলও l ছবি: প্রথম আলো

মেঘে মেঘে বেলা কেটে গেছে গতকাল পবিত্র মাহে রমজানের প্রথম দিনে। রাজধানীতে সকাল থেকেই ছিল মেঘমেদুর পরিবেশে। সারা দিনও তাই। প্রতিদিনের জীবনযাত্রার রুটিন বদলে গেছে রোজার শুরু থেকেই। দিনের বেলায় পানাহার বন্ধ। প্রথম দিনটিতে রোজাদার মুসল্লিদের তেমন চরমভাবাপন্ন আবহাওয়ায় পড়তে হয়নি।
মহান আল্লাহ পাকের অনুগ্রহ লাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা দিনের বেলায় পানাহারে বিরত থেকে শুরু করেছেন সিয়াম সাধনা। জাগতিক মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ, লালসা দমন করে আত্মশুদ্ধির এই সাধনা চলবে পুরো রমজান মাসে। দিনে রোজা রাখার পাশাপাশি মুক্ত হস্তে দান খয়রাত ও বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই মাসের দিনগুলো অতিবাহিত করবেন মুসল্লিরা।
বরাবরের মতো এবারও রোজার প্রথম দিন থেকেই বদলে গেছে শহরের দৃশ্যপট। হোটেল-রেস্তোরাঁগুলোর সামনে ছিল
পর্দা টাঙানো। দুপুরের পর থেকেই পাড়া-মহল্লার গলির মোড়ে, ফুটপাতে, বাজারে, খাবার দোকানের সামনে বসে যায় ঐতিহ্যবাহী
নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা।
পুরান ঢাকার চকবাজারে চক শাহি মসজিদের সামনের সড়কে নানা পদের কাবাব, রোস্ট, ঘুগনি, ছোলা, পেঁয়াজু, জিলাপি, ফিরনিসহ হরেক রকমের মুখরোচক উপকরণ নিয়ে বসে যায় ইফতারির বাজার। ইফতারির তালিকায় হরেক রকম ভাজা-পোড়ার সঙ্গে ঘটেছে সুস্বাদু ফলের সংযোগ। দুপুরের পর থেকেই এসব ফলের দোকান ও ইফতারির পসরাগুলোর সামনে ক্রেতার সমাগম ঘটতে থাকে।
প্রথম রোজার দিনে রোজাদারেরা চেষ্টা করেছেন বাড়িতে সপরিবারে ইফতার করতে। সে কারণে দ্রুত হাতের কাজ শেষ করে ঘরে
ফেরার তাগিদ ছিল নগরবাসীর।বিকেলের দিকে পথে বেড়ে গিয়েছিল যানজট। বেলা ডোবার পরপরই বদলে যায় পথের
দৃশ্য।প্রায় যান-জনতাশূন্য নিরালা হয়ে পড়ে গলি থেকে রাজপথ।