মাহ্ফুজ আনামকে হয়রানি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে এশিয়া নিউজ নেটওয়ার্ক। এশিয়া অঞ্চলের ১৯ দেশের ২২টি গণমাধ্যমের সম্পাদকদের ওই জোট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর এক চিঠিতে লিখেছে, এগুলো হয়রানিমূলক এবং বাংলাদেশের গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। খবর দ্য স্টেটসম্যানের।
মাহ্ফুজ আনামকে বিভিন্ন মামলায় তলব করার ঘটনায় উদ্বেগ জানিয়ে এএনএন বলেছে, সরকার যেন এসব মামলার শুনানির ব্যাপারে যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে।
মাহ্ফুজ আনাম এএনএনের নির্বাহী বোর্ডে রয়েছেন। এ প্রসঙ্গে এএনএন লিখেছে, মাহ্ফুজ আনাম সম্পাদকদের ওই জোটের একটি স্তম্ভ। সাংবাদিকতার যে দৃষ্টান্ত তিনি রেখেছেন, তা এএনএনের গত ১৭ বছরের ইতিহাসে প্রেরণা জুগিয়েছে এবং পরিচালনার কাজে সহায়তা করেছে। ২০০৭ সালে টাস্কফোর্স ইন্টারোগেশন সেলের (টিএফআইসি) সরবরাহ করা তথ্যের ভিত্তিতে কয়েকটি প্রতিবেদন যাচাই না করেই পত্রিকায় ছাপানোর ব্যাপারে তাঁর সম্পাদকীয় বিবেচনায় ভুল হয়েছিল বলে সম্প্রতি এক আত্মদর্শনমূলক বক্তব্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাহ্ফুজ আনাম।
এএনএনের সম্পাদকেরা আরও লিখেছেন, মাহ্ফুজ আনাম তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের করা ৭৬টি মামলায় অযৌক্তিক মূল্য দিচ্ছেন বলেই মনে হচ্ছে। এতে কেবল রাজনৈতিক আগ্রাসনের প্রকাশ ঘটছে, যা বাংলাদেশের স্বার্থে কাজ করছে না।