মাহ্ফুজ আনামকে হয়রানির নিন্দা বাংলাদেশ ন্যাপের
শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বন্ধ এবং পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামকে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তৎপরতার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এই প্রতিবাদ জানান। তাঁরা বলেন, মাহ্ফুজ আনামকে গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলা দায়ের স্বাধীন গণমাধ্যম-নীতির পরিপন্থী। সরকারি দলের নেতাদের এ ধরনের আচরণ রাষ্ট্র, গণতন্ত্র ও গণমাধ্যম—কারও জন্যই শুভলক্ষণ নয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই গণমাধ্যম সরকারের প্রতিহিংসার স্বীকার হয়েছে। স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার চারটি পত্রিকা রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালে ক্ষমতায় এসে বন্ধ করে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও আমার দেশ পত্রিকা। বর্তমানে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও একুশে টিভির চেয়ারম্যান (সাবেক) আবদুস সালামকে কারাবন্দী করে রেখেছে। এর আগে জাতীয় সংসদে প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করে এখন ডেইলি স্টার ও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করছে। বিবৃতিতে তাঁরা এর নিন্দা জানান। বিজ্ঞপ্তি।