মাহ্ফুজ আনামকে হয়রানি না করতে সিপিবি-বাসদের আহ্বান
ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এই দাবি করেছেন।
বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ওই নেতারা বলেছেন, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের আদালতে শাসক দলভুক্ত লোকেরা একের পর এক মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হচ্ছে। যার সংখ্যা এক শর কাছে পৌঁছেছে। এ ধরনের কর্মকাণ্ড বিচার প্রার্থনার বদলে হয়রানিমূলক ও দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। এতে নেতা-কর্মীদের অন্ধ আবেগকে প্রশ্রয় দেওয়া হয় এবং একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়। পাশাপাশি প্রকৃত তথ্য কিংবা অপরাধচিত্র আড়ালে ঢাকা পড়ে যায়। তাঁরা অবিলম্বে এ তৎপরতা বন্ধের দাবি জানান। বিজ্ঞপ্তি