ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আরএসএফ এই আহ্বান জানায়।
আরএসএফ বলেছে, ২০০৭ সালে সেনা-সমর্থিত সরকারের সময় নিরপেক্ষভাবে তথ্য যাচাই না করে নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগে ২২ ফেব্রুয়ারি এক বক্তৃতায় মাহ্ফুজ আনামকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। অভিযুক্ত করেছেন নিজের আটকাবস্থার জন্য মাহ্ফুজ আনামের সম্পাদকীয় ত্রুটিকে। এও অভিযোগ করেন, সেনাবাহিনীর সঙ্গে মাহ্ফুজ আনামের পত্রিকার আঁতাতের এবং সংবিধানের ওপর আঘাত হানার।
বিবৃতিতে অভিযোগ করা হয়, স্পষ্টবাদী ও সমালোচক ওই পত্রিকার ‘ত্রুটির সুযোগ নিয়ে’ শেখ হাসিনা তাঁর দলের নেতাদের প্রতি সর্বসম্মতভাবে মাহ্ফুজ আনামের কাজের নিন্দা জানানোর আহ্বান জানান। এখন পত্রিকাটি লাগাতার হয়রানির শিকারে পরিণত হচ্ছে।
বিবৃতিতে আরএসএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বেনিয়ামিন ইসমাইল বলেন, ‘এটা একজন প্রধানমন্ত্রীর আহ্বানে কাউকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার শামিল, যিনি নিজেকে তাঁর দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেন। এই তৎপরতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের এটা বোঝার সময় এসেছে, কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক বিরোধীদের দরকার আছে। আর সমালোচনাকারী গণমাধ্যমের ওপর নিপীড়ন করাটা মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন।