বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বন্ধ ও এর সম্পাদক মাহ্ফুজ আনামকে গ্রেপ্তারের দাবির বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সরকারের ক্ষমতাকেন্দ্রের ঘনিষ্ঠ পর্যায় থেকে আসা এই দাবিকে নতুন করে গণমাধ্যমে ভীতি সঞ্চারের অপপ্রয়াস বলে মনে করছে সংগঠন দুটি। বিএফইউজে ও ডিইউজের এই দুটি অংশ সরকার বা আওয়ামী লীগবিরোধী বলে পরিচিত।
গতকাল বুধবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এই বিষয়ে যুক্ত বিবৃতি দেন। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছে যে বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বন্ধ ও এর সম্পাদককে গ্রেপ্তারের হুমকি আসছে সরকারের ক্ষমতাকেন্দ্রের ঘনিষ্ঠ পর্যায় থেকে। জাতীয় সংসদের কতিপয় সাংসদ এবং ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তর থেকে একই ধরনের অগণতান্ত্রিক দাবি ও হুমকি দেওয়া হচ্ছে। পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে কয়েকটি স্থানে হয়রানিমূলক মানহানির মামলাও করা হয়েছে। প্রায় এক দশক আগের একটি বিতর্কিত বিষয়কে সামনে এনে সংবাদপত্র ও সম্পাদককে গ্রেপ্তারের দাবি ও হুমকি উদ্দেশ্যপ্রণোদিত। এটি নতুন করে গণমাধ্যমে ভীতি সঞ্চারের অপপ্রয়াস।
বিভিন্ন গণমাধ্যম বন্ধ ও সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার উল্লেখ করে বিবৃতিতে নেতারা বলেন, সরকারের দলন-দমনে গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন প্রায়। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে তিন বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। সব মামলায় জামিন পাওয়ার পরও তাঁকে মুক্তি না দিয়ে টালবাহানা করা হচ্ছে। বিএফইউজের নির্বাচিত সভাপতি শওকত মাহমুদকে বানোয়াট মামলায় ছয় মাস ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। গায়ের জোরে আমার দেশ, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বন্ধ করা হয়েছে। সাগর-রুনিসহ ২৭ জন সাংবাদিক খুনের বিচার পাচ্ছে না সাংবাদিক সমাজ। এ অবস্থায় দ্য ডেইলি স্টার বন্ধ ও সম্পাদককে গ্রেপ্তারের হুমকির মাধ্যমে সরকার মুক্ত গণমাধ্যম পরিপন্থী মানসিকতার নগ্ন প্রকাশ ঘটাচ্ছে।
নেতারা অবিলম্বে গণমাধ্যমের প্রতি সব ধরনের আক্রমণাত্মক মনোভাব পরিহার করে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মুক্তি দেওয়ার দাবি করেন। বিজ্ঞপ্তি।