মাহ্ফুজ আনামের বিচার চাইলেন সজীব ওয়াজেদ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন।
এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় ডেইলি স্টার-এ প্রকাশিত ছবির সূত্র ধরে মাহ্ফুজ আনামসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে বলেছিলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের টক শোতে এক-এগারোর সময়ে সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। ওই আলোচনার সূত্র ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি খবর প্রকাশিত হয়।
বিডিনিউজে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ডেইলি স্টার সম্পাদক তাঁর মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। সামরিক স্বৈরশাসনের সমর্থনে তাঁর মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন। এটা রাষ্ট্রদ্রোহের শামিল। তাঁর কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গিয়েছে; যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশবিরোধী। উসকানিমূলক লেখার জন্যই তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১১ মাস তিনি জেলে কাটিয়েছেন।
জয় লিখেছেন, ‘আমি বিচার চাই। আমি চাই মাহ্ফুজ আনাম আটক হোক এবং তাঁর রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।’