মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আজ তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার নতুন করে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় মাহ্ফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। 

আজ মামলা তিনটি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ময়মনসিংহে। এ ছাড়া মাগুরায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করা হয়েছে। তবে মামলাটি এখনো আমলে নেননি আদালত।
এ পর্যন্ত ১০ দিনে ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে ৭২টি মামলা হয়েছে। হাকিম আদালতে করা প্রায় সবগুলো মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী বা আইনজীবী।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে করা বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। তা হলো, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ‘ডেইলি স্টার’-এর সম্পাদক তাঁর পত্রিকায় মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর এক দিন পর থেকেই মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া: জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের চতুর্থ আদালতে আজ মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। মামলায় ১০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
বাদীর আইনজীবী লিটন দেব প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চ আসামি মাহ্ফুজ আনামকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

কুমিল্লা: নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রেজ্জাক কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিয়া সুলতানার আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মানহানির অভিযোগ আনা হয়েছে, পাশাপাশি তাঁর ছয় মাসের শাস্তি দাবি করেছেন বাদী।
বাদীর আইনজীবী জিয়াউল হাসান প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ মার্চ জেলা তথ্য কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
কুমিল্লা জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবির বলেন, ‘আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ময়মনসিংহ: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গফরগাঁও উপজেলার সভাপতি আলতাফ হোসেন আজ দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম রাজিবুল হাসানের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১০ কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়েছে।
বাদীর আইনজীবী আবদুর রহমান আল হুসাইন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৭ মার্চ মাহ্ফুজ আনামকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।
মাগুরা: জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলামের আদালতে আজ দুপুরে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করেন। আবেদনে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। তবে ওই আবেদন মামলা হিসেবে আমলে নেননি আদালত।
বাদীর আইনজীবী রাশেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, আদালত বাদীর জবানবন্দি শুনলেও আবেদনটি আমলে নেননি। এ ব্যাপারে আগামী ৮ মার্চ সিদ্ধান্ত দেওয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত।

 আরও পড়ুন: